দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে স্থানীয় যুগের আলো পত্রিকার সাংবাদিক মসিউর রহমান ওরফে উৎস হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার সাংবাদিকেরা মানববন্ধন করেছেন।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল কাচারি বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে সংগঠনের আহ্বায়ক আব্দুল আজিজ চৌধুরীর সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, যুগের আলোর সাংবাদিক আবু তালেব, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রবিউল ইসলাম, নিহত সাংবাদিকের মা রোকসানা বেগম প্রমুখ। বক্তারা আলটিমেটাম দিয়ে আরও বলেন, ৭২ ঘণ্টার মধ্যে প্রকৃত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে।
এদিকে কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, এ হত্যার সঙ্গে জড়িত পাঁচজনকে ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ ডিসেম্বর সকালে মসিউর রহমানকে দুর্বৃত্তরা হত্যা করে গাছের সঙ্গে বেঁধে রাখে।