দোষী হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, এবারে হজযাত্রা নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছিল, তার মূল কারণ হজ এজেন্সিগুলোর প্রতারণামূলক কর্মকাণ্ড। যেসব হজ এজেন্সি ও ট্রাভেল এজেন্ট এই জটিলতার সঙ্গে জড়িত, তাদের লাইসেন্স বাতিলের পাশাপাশি জরিমানা করা হবে।

আজ সোমবার সচিবালয়ে হজযাত্রা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশেদ খান মেনন এসব কথা বলেন। তিনি বলেন, হজযাত্রা নিয়ে এত দিন যে জটিলতার সৃষ্টি হয়েছিল, সেটা সবার সহযোগিতায় সমাধান হয়েছে। যেসব হজযাত্রীর ভিসা ও টিকিট হয়েছিল, তাঁরা সবাই হজ করতে মক্কায় গিয়েছেন।

মন্ত্রী জানান, এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ৫০০ জনের হজে যাওয়ার কথা ছিল। এর মধ্যে গেছেন ১ লাখ ২৭ হাজার ১০৩ জন। বাকি আছে ৩৯৭ জন। এঁদের হয়তো ভিসা হয়নি বা টিকিট করেনি। তবে তিনি বলেন, এর মধ্যে যদি কারও টিকিট করা থাকে, তাহলে আজ বিকেল সোয়া ৫টা ও রাত ৮টা ১০ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট আছে। তাতে করে তাঁদের পাঠানো হবে।

এ সময় বিমানমন্ত্রী আরও বলেন, আগামী বছর যেন হজযাত্রা নিয়ে এ ধরনের জটিলতা সৃষ্টি না হয়, সে জন্য ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে মিলে পরিকল্পনা করা হবে।