একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিষয়টি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। এই বিচারে দোষী সাব্যস্ত হতে পারেন এমন কোনো ব্যক্তির জন্য কারও কোনো সুপারিশ কাম্য নয়।গতকাল রোববার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তাঁর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমসহ দলের অন্য নেতাদের ‘ফাঁসি না দেওয়ার অনুরোধ’ জানিয়ে সম্প্রতি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল।এদিকে সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছে তুরস্কের একটি এনজিও প্রতিনিধিদল। ভিসা শিথিল কর্মসূচির অপব্যবহার করে তারা যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়ায় জামায়াতের নেতাদের পক্ষে দূতিয়ালি করেছে বলে অভিযোগ উঠেছে।এ ব্যাপারে জানতে চাইলে দীপু মনি বলেন, ‘ওই প্রতিনিধিদলের সফরের ব্যাপারে আমরা আরও কাগজপত্র চেয়েছি। এখন পর্যন্ত আমরা যেসব কাগজপত্র পেয়েছি, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি। কারণ তুরস্কের সঙ্গে ভিসা শিথিল করার বিষয়ে যে চুক্তি রয়েছে, সেটির আওতায় তাদের নাগরিকেরা কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশে অন অ্যারাইভাল ভিসা (আগমন-পরবর্তী ভিসা) পান। সেটি ব্যবহার করেই এনজিও প্রতিনিধিদলটি বাংলাদেশে আসে। তারা বাংলাদেশে এসে যা করেছে, তা ভিসা শিথিলের আওতায় করা কাজের মধ্যে পড়ে না। ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে ডেকে এনে আমাদের অবস্থান জানিয়েছি। এ ছাড়া তুরস্ক সরকার সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে তাদের অবস্থান জানিয়েছে। তাদের মূল কথা হচ্ছে, তারা আমাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি, কিংবা হস্তক্ষেপ করতে চায় না।’তুরস্কের অনুরোধের জবাব দেওয়া হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যাঁর কাছে চিঠি গেছে, তিনিই সেটা বলতে পারবেন।সালমান খুরশীদ আসছেন ফেব্রুয়ারিতে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদ আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি ঢাকায় আসছেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানান, দুই প্রতিবেশী দেশের যৌথ পরামর্শক কমিটির পরবর্তী সভা ফেব্রুয়ারির মাঝামাঝি অনুষ্ঠিত হবে। আগামী মাসে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল সিন্ধের সফর সম্পর্কে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার কাছে কোনো তথ্য নেই।’তবে আন্তমন্ত্রণালয় বৈঠকে যোগ দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) মো. কামালউদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, আগামী মাসের শেষ সপ্তাহে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসার কথা রয়েছে। ওই সময় বন্দী প্রত্যর্পণ চুক্তি সইয়ের সম্ভাবনা আছে।