মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠনকে নিষিদ্ধ করার এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিধান যুক্ত করে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন আরেক দফা সংশোধন হতে যাচ্ছে।
আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে জানিয়েছেন, মন্ত্রিসভার আগামী সভায় এই আইনের খসড়া অনুমোদনের জন্য উঠবে।
মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা মনে করেন, মুক্তিযুদ্ধকালে অপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা নিয়ে যে অচলাবস্থা চলছে, এই সংশোধনীর পর তা দূর হবে। গত ১৯ মে থেকে জামায়াতের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুতির কাজ বন্ধ রয়েছে।
গত ২৫ মার্চ জামায়াতের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ট্রাইব্যুনালে মামলা করার প্রস্তুতি নিচ্ছিল রাষ্ট্রপক্ষ। কিন্তু রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের অন্তর্দ্বন্দ্ব এবং বিদ্যমান আইনে দোষী সাব্যস্ত সংগঠনের বিরুদ্ধে শাস্তির কোনো বিধান না থাকায় এ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়।
আইন মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, গত জুন মাসে তৈরি খসড়াটি ঈদুল ফিতরের পরপরই মন্ত্রিসভার বৈঠকে তোলার কথা ছিল। কিন্তু সরকারের সবুজ সংকেত না পাওয়ায় তা হয়নি। আগামী মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন হলে সংসদের পরবর্তী অধিবেশনে তা পাস হতে পারে।
মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার পর জনমনে কিছুটা সন্দেহ তৈরি হয়েছে। সরকারের সঙ্গে জামায়াতের ‘আঁতাত’ হয়েছে বলেও গুঞ্জন আছে। সরকার এই সন্দেহ দূর করতে এখন সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের উদ্যোগ নিচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির প্রথম আলোকে বলেন, ‘সরকারের টম অ্যান্ড জেরি কার্টুন দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। সরকার একবার জামায়াতকে ধরছে আর ছাড়ছে। আর বিচার হচ্ছে-হবে বলে যাচ্ছে। আমরা এ বিষয়ে বলতে বলতে ক্লান্ত, বিরক্ত ও ক্ষুব্ধ।’
ট্রাইব্যুনালস আইন এর আগে তিন দফা সংশোধন করা হয়েছে। সর্বশেষ হয়েছে ২০১৩ সালে। ওই বছরের ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-২। তখন কাদের মোল্লার ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনের মুখে ট্রাইব্যুনালস আইনের তৃতীয় সংশোধনী সংসদে পাস করা হয়। এতে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে দুই পক্ষের আপিলের সমান সুযোগ রাখা হয়। এই সংশোধনীতে সংগঠনের বিচারের সুযোগ তৈরি করা হলেও দোষী সাব্যস্ত হলে শাস্তি কী হবে, তা নির্ধারণ করা হয়নি।
খসড়া অনুমোদন হলে বিদ্যমান ট্রাইব্যুনালস আইনের ২০(২) ধারায় যোগ হবে, ট্রাইব্যুনাল দোষী সাব্যস্ত সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করবেন এবং এই নামে বা অন্য কোনো নামে সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন। পাশাপাশি মামলার বিষয়বস্তু সাপেক্ষে সংগঠনটির সদস্যদেরও ট্রাইব্যুনাল সাজা দিতে পারবেন।
বর্তমানে এ ধারায় শুধু ব্যক্তির সাজার বিধান রয়েছে। এ ছাড়া আইনের ৪ ধারা সংশোধনের প্রস্তাব করে বলা হয়েছে, কোনো সংগঠনের কার্যনির্বাহী কমিটি অথবা কেন্দ্রীয়, আঞ্চলিক বা স্থানীয় কমিটির সদস্য যদি অপরাধ করেন, তাহলে ওই অপরাধের জন্য সদস্যের পাশাপাশি সংগঠনও দায়ী হবে।