মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ-বিন হাশেম ওরফে কামরুলের ওপর বোমা হামলার প্রতিবাদে গতকাল রোববার মেহেরপুর পৌরসভার সব কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা শহরে বিক্ষোভ মিছিল করেছেন।সকালে মেহেরপুর পৌরসভা কার্যালয়ের সামনে থেকে পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে তাঁরা মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম ও পুলিশ সুপার মোহাম্মদ শাহরিয়ারের বরাবর স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বোমা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।এদিকে, বোমা হামলায় আহত প্যানেল মেয়র মিজানুরের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। তাঁর পবিবার সূত্র জানায়, আহত হওয়ার পর এখনো মিজানুরের জ্ঞান ফেরেনি। তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার সূত্র জানায়, মিজানুরের শরীরের বিভিন্ন জায়গায় স্প্লিন্টার ঢুকে গেছে। তাঁর জ্ঞান না ফেরায় অস্ত্রোপচার করা সম্ভব হয়নি।বোমা হামলার পর মিজানুরের বাবা আবদুল হালিম মেহেরপুর পৌরসভার মেয়র মুতাছিমবিল্লাহসহ তিনজনের নাম উল্লেখ করে আট-নয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার আসামি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও যুবলীগের কর্মী মোমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অন্য কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্লেখ্য, গত শুক্রবার রাতে বোমা হামলায় মিজানুর রহমান ও কাউন্সিলর কামরুলসহ চারজন আহত হন।মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।