প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল রোববার প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
বেলা ১১টায় সঞ্চারকলিপি দেওয়ার সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক শামসাদুল আকতার শামীম, সাবেক সাধারণ সম্পাদক জাফর আহমেদ, টেলিভিশন রিপোর্টার্স ফোরাম টাঙ্গাইলের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, টাঙ্গাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম ও আবু রায়হান উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকেরা ঘটনার তিন দিন পরও পুলিশ কাউকে আটক না করায় ক্ষোভ প্রকাশ এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা ও পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর দুজনই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।
একই দাবিতে গতকাল বিকেলে ঘাটাইল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি নুরুজ্জামান মিঞার সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, সদস্য নজরুল ইসলাম, সায়্যিফ মোহামঞ্চদ হামিদুল্লাহ, বিঞ্চুপ্রিয় দীপ প্রমুখ।
এদিকে গতকাল রোববার বিকেল চারটার দিকে কামনাশীষ শেখরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিজ বাসায় ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। হামলার বিষয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কামনাশীষ শেখরের ভাতিজা সুদীপ্ত সাহা ব্যক্তিগত গাড়িতে করে টাঙ্গাইল থেকে বাজিতপুর যাচ্ছিলেন। পথে সাহাপাড়া এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক তাঁদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়ির ডান পাশের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে ট্রাকচালকের সঙ্গে সুদীপ্ত ও তাঁদের গাড়ি চালকের কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে কামনাশীষ শেখর ঘটনাস্থলে পৌঁছালে ওই এলাকার একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়।