দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ইসলামী ব্যাংকের ভেতর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ তুলে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার ব্যবসায়ীরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন। এদিকে এ ঘটনায় গ্রেপ্তার ইসলামী ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক (ভাইস প্রেসিডেন্ট) মো. শহীদ উল্লাহ মজুমদার ও ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা (প্রিন্সিপাল অফিসার) আবদুর রহিমকে গতকাল দুপুরে ফেনীর বিচারিক হাকিম মো. এমদাদ উল্লার আদালতে হাজির করা হয়। বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী প্রেসক্লাব চত্বরে শহর ব্যবসায়ী সমিতি আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে ব্যবসায়ী টিটু হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবি করে বলেন, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ব্যবসায়ী সমাজকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে।’তাঁরা বলেন, ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ঘটনায় ফেনীবাসীর কাছে ক্ষমা না চাইলে ইসলামী ব্যাংক ফেনী শাখায় তালা ঝুলিয়ে দেওয়া হবে। মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়া উদ্দিন মিষ্টার, সম্পাদক ফারুক হারুন, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক ইকবাল আলম ও নিহত ব্যবসায়ীর বড় ভাই সিরাজুল ইসলাম। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে টিটুর লাশ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁরা সোমবার রাত ১০টার দিকে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করেন।চেক জালিয়াতি কেন্দ্র করে সদর উপজেলার উত্তর ধলিয়া (বাগেরহাট) গ্রামের কাপড় ব্যবসায়ী শাহাদাত হোসেন ওরফে টিটু (৩০) গত রোববার ইসলামী ব্যাংক ফেনী শাখায় গণপিটুনিতে মারা যান বলে অভিযোগ ওঠে।