দোষীদের গ্রেপ্তারে ফটোসাংবাদিকদের কর্মবিরতি
ফটোসাংবাদিক মাহমুদ হাসান কচির ওপর হামলার প্রতিবাদে এবং দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন তাঁর সহকর্মীরা। গতকাল সোমবার বেলা ১১টা থেকে এক ঘণ্টা তাঁরা দায়িত্ব পালন না করে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন।
একই ঘটনায় বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেন নারায়ণগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।
কর্মবিরতিতে অংশ নেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউদ্দিন আহমেদ, সদস্য শামীম নূর, মোহাম্মদ ইব্র্রাহিম, নারায়ণগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা সাজ্জাদ, সভাপতি তাপস সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পাপ্পু ভট্টাচার্য্য, মেহেদী হাসান প্রমুখ। পরে তাঁরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।
গত শনিবার রাতে ফতুল্লার লামাপাড়া এলাকায় দুর্বৃত্তরা স্থানীয় দৈনিক মুক্তবাণীর ফটোসাংবাদিক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জেলা সহসভাপতি মাহমুদ হাসান ও তাঁর বন্ধু মাসুদকে কুপিয়ে জখম করে। তাঁদের কাছ থেকে ক্যামেরা, ল্যাপটপ ও মুঠোফোন লুটে নেয়। ওই দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।