ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন হয়রানি
দোষীদের গ্রেপ্তারের দাবি ক্বাফীর, নইলে অবস্থান কর্মসূচি

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী পয়লা বৈশাখের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন হয়রানির সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি আগামীকাল শুক্রবারের মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তার করা না হলে পরদিন শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ের সামনে দিনব্যাপী অবস্থান নেওয়ার ঘোষণা দেন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার নির্বাচনী অঙ্গীকার ঘোষণা অনুষ্ঠানে আবদুল্লাহ আল ক্বাফী এ ঘোষণা দেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সমর্থিত প্রার্থী। তিনি ৭১ দফা নির্বাচনী ও কয়েকটি ব্যক্তিগত অঙ্গীকার ঘোষণা করেন।
নির্বাচিত হলে মেয়রের কর্মকাণ্ড তদারকির জন্য একজন স্বাধীন ন্যায়পাল নিয়োগ দেবেন আবদুল্লাহ আল ক্বাফী। তিনি তাঁর নির্বাচনী অঙ্গীকারে বলেন, ন্যায়পালের কাজ হবে স্বাধীনভাবে সিটি মেয়রের কর্মকাণ্ড তদারকি এবং মেয়রের বিরুদ্ধে নগরবাসীর অভিযোগের নিষ্পত্তি করা। এ ছাড়া নগর সরকার আইন প্রণয়নের জন্য জনমত গড়ে তোলা, সিটি করপোরেশন পরিচালনায় কাউন্সিলরদের অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রশাসন গড়ে তোলা, সিটি করপোরেশনের বিদ্যমান সেবাকে ই-সেবায় রূপান্তর ও সিটি করপোরেশনের সেবার মান উন্নয়নে ২৪ ঘণ্টার কল সেন্টার প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন তিনি।
এলাকাভিত্তিক স্কুলবাস ও মহিলাদের জন্য পৃথক বাস সার্ভিস চালু, প্রতিটি ওয়ার্ডে ডে-কেয়ার সেন্টার ও কমিউনিটি সেন্টার, পর্যাপ্ত গণ-শৌচাগার, প্রতিটি সড়কে বাইসাইকেল লেন তৈরি, ট্যাক্সিক্যাব ও সিএনজি চালকদের মিটারে যাতায়াত করতে বাধ্য করা এবং ঢাকাতে ফ্রি ওয়াই-ফাই সুবিধা প্রদান করবেন বলেও অঙ্গীকার করেন ক্বাফী। এসব অঙ্গীকারের বাইরে তিনি কয়েকটি ব্যক্তিগত অঙ্গীকার করেন। ব্যক্তিগত অঙ্গীকারে তিনি বলেন, প্রতি বছর তাঁর আয়কর হিসাব জনগণের সামনে প্রকাশ করবেন, তাঁর নিকট আত্মীয়দের কেউ সিটি করপোরেশনের সঙ্গে ব্যবসায়িক লেনদেনে যুক্ত হবে না এবং বর্তমানের আয় ও মেয়রকে প্রদত্ত ভাতার বাইরে আর কোনো নতুন উৎস হতে কোনো আয় থাকবে না।
অনুষ্ঠানে ঢাকা উত্তরের এ মেয়র পদপ্রার্থীর রাজনৈতিক, পারিবারিক, সামাজিক ও শিক্ষা জীবনের পরিচয় তুলে ধরেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন বিএনপি ও আওয়ামী লীগের হাতে ছিল। কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখিনি। এবার দ্বি-মেরু কেন্দ্রিক, অপরাজনীতি থেকে বেরিয়ে আসার সুযোগ।’
অনুষ্ঠানে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলনের সদস্যসচিব অধ্যাপক এম এম আকাশ, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।