চুয়াডাঙ্গার দর্শনায় সাংবাদিকদের মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কমিশনার জয়নাল আবেদিনসহ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় সাংবাদিকেরা তিন দিনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাবের নেতারা এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেন। বৈঠকে সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বৃহস্পতিবার রাতের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে স্থানীয় সাংবাদিকেরা আজ শুক্রবার থেকে আগামী রোববার পর্যন্ত কালো ব্যাজ ধারণ করবেন। এ ছাড়া রোববার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে সময়সীমা বেঁধে দেবেন।দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) লস্কর তৈয়েবুর রহমান প্রথম আলোকে বলেন, এজাহারভুক্ত আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য, সংবাদ প্রকাশের জের ধরে জয়নাল আবেদিনসহ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা গত মঙ্গলবার ও বুধবার দুই সাংবাদিককে মারধর করেন। মারধরের শিকার সাংবাদিকেরা হলেন দৈনিক আমাদের সময় ও আঞ্চলিক দৈনিক প্রভাতফেরীর সাংবাদিক ইয়াসির আরাফাত এবং দৈনিক মানবজমিন-এর দামুড়হুদা উপজেলা সংবাদদাতা মাহমুদ হাসান। এ ঘটনায় গত বুধবার দামুড়হুদা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।