গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা গতকাল তিন দফা দাবি-সংবলিত একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসকের কাছে দিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, গত সোমবার দুপুরে বহিরাগত সাদ্দাম ও পাভেলের নেতৃত্বে ১৫-২০ জন দুষ্কৃতকারী ছাত্র হোস্টেলে অতর্কিত হামলা চালিয়ে দুটি কক্ষ ভাঙচুর করে।
ওই কলেজে হামলার ঘটনা নিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ‘গোপালগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে হামলা, ভাঙচুর, চার ছাত্র আহত’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
হামলার প্রতিবাদে গতকাল সকাল আটটা থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সদর হাসপাতাল ক্যাম্পাসের কৃষ্ণচূড়াগাছের তলায় অবস্থান নেন। তাঁরা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন।
শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা, প্রত্যেক শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা ও লুটপাট করা মালামালের ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করার দাবি জানান।