গোপালগঞ্জে শিক্ষকের ওপর হামলাকারী ছাত্রকে গ্রেপ্তারের দাবিতে এক পক্ষ মানববন্ধন ও বিক্ষোভ এবং আরেক পক্ষ হামলাকারী ছাত্রের নামে দায়ের করা মামলা তুলে নিতে সড়ক অবরোধ করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রেসক্লাব চত্বর থেকে বঙ্গবন্ধু কলেজ গেট পর্যন্ত এসব কর্মসূচি পালিত হয়। জানা গেছে, হাজী লাল মিয়া সিটি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক নাজমুল হকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামালাকারীকে গ্রেপ্তারের দাবিতে বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ওই কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন। তাঁরা পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। মানববন্ধন কর্মসূচির পর হামলাকারী ওই শিক্ষার্থীর পক্ষে বঙ্গবন্ধু কলেজের সামনে কিছু ছাত্র গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে এবং মামলা প্রত্যাহারের দাবি তোলে। পুলিশ এসে অবরোধ তুলে দেয় বলে সদর থানার ওসি বোরহান উদ্দিন জানান। হামলাকারী ওই ছাত্র বঙ্গবন্ধু কলেজের ছাত্র বলে জানা গেছে। তবে অধ্যক্ষ এম এ হাই দাবি করেছেন, এ সড়ক অবরোধের সঙ্গে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদের সংশ্লিষ্টতা নেই। হাজী লাল মিয়া সিটি কলেজের অধ্যক্ষ সত্যেন্দ্রনাথ মণ্ডল জানান, ৪ মে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পরীক্ষার্থী আবদুল্লাহ আল নোমানকে অসদুপায় অবলম্বনে বাধা দেন শিক্ষক নাজমুল হক। এ ঘটনার পর আবদুল্লাহ আল নোমান ও তার কতিপয় বন্ধু পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শহরের স্কয়ার মার্কেটের সামনে নাজমুল হককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ওই দিন কলেজ কর্তৃপক্ষ বাদী হয়ে সদর থানায় একটি মামলা করে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, সড়ক অবরোধের বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়েছে। কিন্তু তাদের পাওয়া যায়নি।