যশোরের অভয়নগরে প্রথম আলোর প্রতিনিধি মাসুদ আলমের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্মারকলিপি দিয়েছে উপজেলা সংগ্রাম কমিটি। গতকাল রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মেহনাজের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক ও সাংবাদিক মোল্যা ওলিয়ার রহমান, অধ্যক্ষ আবদুল লতিফ, বৈকুণ্ঠ বিহারী রায়, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম রফিকুল আলম, সাধারণ সম্পাদক মোস্তফা ফারুক আহম্মেদ, নওয়াপাড়া ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম মল্লিক, চৈতন্য কুমার পাল, এম এম আলাউদ্দিন, শিক্ষক মফিজউদ্দিন, প্রভাষক এস এম আবিদ হাসান প্রমুখ।স্মারকলিপিতে বলা হয়, সাংবাদিক মাসুদ আলমের ওপর সন্ত্রাসী হামলার নির্দেশদাতা সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ বিশ্বাসসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।গত বৃহস্পতিবার দুপুরে অভয়নগরের সুন্দলী গ্রাম থেকে অটোরিকশায় করে নওয়াপাড়া পৌর সদরে যাওয়ার পথে মাসুদ আলম সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসীরা তাঁর বাঁ হাত ভেঙে দেয়।