সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারের দবিতে ‘শিক্ষাঙ্গন রক্ষা সমন্বয় পরিষদ’ ৮ সেপ্টেম্বর অবস্থান কর্মসূচি ডেকেছে। নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে ওই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। এতে শিক্ষার্থীসহ সিলেটের শিক্ষানুরাগীদের একাত্ম হওয়ার আহ্বান জানানো হয়েছে। গত বুধবার রাতে সমন্বয় পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শুক্রবার ওই কর্মসূচি ঘোষণা করা হয়। গত ৮ জুলাই ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষের জের ধরে ছাত্রাবাসে আগুন দেওয়া হয়। অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করতে কলেজ কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি গত ২৯ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্তে অগ্নিকাণ্ডের জন্য ‘ছাত্রলীগের বহিরাগত’দের দায়ী করা হয়। এ পরিপ্রেক্ষিতে অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার করার দাবিতে সমন্বয় পরিষদের সভা থেকে আহ্বান জানানো হয়।নগরের একটি হোটেলের সমেঞ্চলনকক্ষে অনুষ্ঠিত স্কলার্স হোমের অধ্যক্ষ জুবায়ের সিদ্দিকীর সভাপতিত্বে সভায় সমন্বয় পরিষদের সদস্য প্রবীণ রাজনীতিবিদ ও ভাষাসৈনিক মাসউদ খান, সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউল হক লস্কর, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সহসভাতি নাসিম হোসাইনসহ প্রমুখ বক্তব্য দেন। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কলেজ খুলে দেওয়ায় বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কলেজ কর্তৃপক্ষের তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৮ সেপ্টেম্বর শহীদ মিনারে অবস্থান গ্রহণের পাশাপাশি তিন দফা দাবি ঘোষণা করা হয়। দাবিগুলো হচ্ছে, অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার, পুরোনো স্থাপত্যশৈলী অনুযায়ী অবিলম্বে ছাত্রাবাস সংস্কারকাজ শুরু করা এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।মুখে কালো কাপড় বেঁধে অবস্থান: অগ্নিকাণ্ডে ক্ষতিগস্ত শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে গত বৃহস্পতিবার বিকেলে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ছাত্রাবাস পোড়ানোর ঘটনার তদন্তে চিহ্নিত ছাত্রলীগের বহিরাগতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় ছাত্রাবাসের বাসিন্দা জহিরুল ইসলাম, মিয়া মো. রাসেল, আতিকুর রহমান ও জুনায়েদ আল হাবিব বক্তব্য দেন।