সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার, পুরাতন স্থাপত্যশৈলীতে ছাত্রাবাস পুনর্নির্মাণের দাবি না মানলে ছাত্র ধর্মঘটসহ হরতাল ও অবরোধ কর্মসূচি দিয়ে সিলেট অচল করে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ছাত্রাবাসের ‘ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা’। গতকাল সোমবার দুপুরে নগরের একটি রেস্তোরাঁর সমেঞ্চলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তাঁরা এ কথা জানান। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা দাবি মেনে নেওয়ার জন্য ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কঠোর আন্দোলন কর্মসূচি শুরুর হুঁশিয়ারি দেন। সভা চলাকালে রেস্তোরাঁর সমেঞ্চলনকক্ষে পুলিশ মোতায়েন ছিল। গত ৮ জুলাই সন্ধ্যায় ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের জের ধরে এমসি কলেজের ছাত্রাবাসের ৪২টি কক্ষ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি অগ্নিসংযোগকারী হিসেবে ওই সময় ছাত্রাবাসে বিক্ষোভকারী ছাত্রলীগের বহিরাগত সদস্যদের দায়ী করে। ঘটনার দুই মাস পরও চিহ্নিত অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার না হওয়ায় গতকাল আয়োজিত সভায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা বলেন, ২০ সেপ্টেম্বরের মধ্যে দাবি মেনে না নিলে ২২ সেপ্টেম্বর সিলেটের কোর্ট পয়েন্টে ছাত্র সমাবেশ করে সিলেটের সর্বস্তরের জনতা নিয়ে ছাত্র ধর্মঘট, অবরোধ ও হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।সভায় লিখিত বক্তব্য দেন কলেজের শিক্ষার্থী শামসুদ্দিন আহমদ, এহসানুল হক হাসান, নাঈম আহমদ প্রমুখ। এদিকে ছাত্রাবাস পোড়ানোর দুই মাস পূর্তির দিনে ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষাঙ্গন রক্ষা পরিষদের অবস্থান কর্মসূচিতে একাত্ম হতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ব্যানারে থাকা ছাত্ররা মিছিল করলে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ ছাত্রকে গ্রেপ্তার করে।