দোষীদের বহিষ্কারের দাবিতে শাটল ট্রেন আটক, ফটকে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জন্য দায়ী ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে গতকাল বুধবার প্রায় দুই ঘণ্টা শাটল ট্রেন আটকে রাখেন সংগঠনটির একাংশের নেতা-কর্মীরা। তাঁরা এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। প্রসঙ্গত, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হন। ছাত্রলীগের একটি পক্ষ এ সংঘর্ষের জন্য বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক আবু কায়সার ও সাংস্কৃতিক সম্পাদক জমির উদ্দিনকে দায়ী করেছে। তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কারের দাবিতে এই পক্ষ তিন দিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্রলীগের ওই পক্ষের নেতা-কর্মীরা গতকাল বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে নগরগামী দুপুর দেড়টার শাটল ট্রেন আটকে দেয়। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাস চলাচল বন্ধ ছিল। এতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা দুর্ভোগে পড়েন। অবরোধের পাশাপাশি ছাত্রলীগের নেতা-কর্মীরা রেলস্টেশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা সাড়ে তিনটার দিকে ট্রেন ছেড়ে দেন। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজকের (বুধবার) অবরোধ কর্মসূচি শুক্রবার পর্যন্ত স্থগিত করেছি। শনিবারের মধ্যে সংঘর্ষের মদদদাতাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।