দোষীদের বিচারের দাবিতে গাজীপুর টঙ্গী ও নারায়ণগঞ্জে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ, আহত ব্যক্তিদের চিকিৎসা খরচ এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার গাজীপুর ও নারায়ণগঞ্জে মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এ ছাড়া, সরকার-ঘোষিত শোক দিবস পালন উপলক্ষে সকাল থেকে দেশের সব সরকারি-আধা সরকারি কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দেশের অধিকাংশ পোশাক কারখানা বন্ধ রাখা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গাজীপুর: সড়ক ভবনের সামনে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, জেলা শাখার উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মো. দুলাল হোসেন। বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমল দেব, জয়দেবপুর থানার সভাপতি মোমিনুর রহমান, শ্রীপুর থানার সভাপতি সফিউল আলম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ব্যাংকঋণ ও শ্রমিকদের পাওনা এড়াতে এবং বিমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যেই কারখানা কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। সমাবেশ শেষে শ্রমিকেরা সদর উপজেলার চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালো পতাকা নিয়ে মিছিল করেন। টঙ্গী (গাজীপুর): সকাল ১০টায় বিভিন্ন পোশাক কারখানার প্রায় দুই হাজার শ্রমিক কালো ও লাল পতাকা হাতে নিয়ে শোক মিছিল বের করেন। এ সময় তাঁরা মালিকদের উদ্দেশে ‘অত্যাচারীর কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ বলেও স্লোগান দেন। পরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। নারায়ণগঞ্জ: সকাল ১০টায় শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সমাবেশ করা হয়। গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এম এ শাহীনের সভাপতিত্বে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি হাফিজুল ইসলাম, গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস প্রমুখ।একই সময়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন জেলা শাখার উদ্যোগে সমাবেশ হয়। এতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন শ্রমিক ফ্রন্টের (নারায়ণগঞ্জ) সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের (নারায়ণগঞ্জ) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন করেন। বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় প্রমুখ। সোনারগাঁ (নারায়ণগঞ্জ): শোক পালনে কারখানা ছুটি ঘোষণা না করায় উপজেলার চৈতি কম্পোজিটের শ্রমিকেরা মিছিল করেছেন। শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী এলাকায় মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। শ্রমিকেরা জানান, সরকার শোক দিবস ঘোষণা করলেও মালিকপক্ষ কারখানা চালু রাখায় এর প্রতিবাদে তাঁরা মিছিল করেছেন। বকেয়া বেতনের দাবিতে অবরোধ, গাড়ি ভাঙচুর: গাজীপুর প্রতিনিধি আরও জানান, বকেয়া বেতনের দাবিতে গতকাল রাতে গাজীপুর সদর উপজেলার মালেকের বাড়ি এলাকায় আসরা সোয়েটার কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া নয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যানবাহন চলাচল শুরু হয়। শিল্পাঞ্চল পুলিশ (জোন-২) গাজীপুরের সহকারী পরিচালক এ কে এম মোশারফ হোসেন জানান, অক্টোবরের বকেয়া বেতন মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে শ্রমিকদের পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। কিন্তু ওই প্রতিশ্রুতি রক্ষা না করায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা রাত সাড়ে আটটার দিকে কারখানার পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে শ্রমিকদের বুঝিয়ে-সুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। নাওজোর মহাসড়ক পুলিশের উপপরিদর্শক ইকবাল হোসেন জানান, অবরোধকালে শ্রমিকেরা ইটপাটকেল ছুড়ে কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করেছেন।