দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় ২২ জন নিহত ও শতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলা দ্রুত নিষ্পত্তি ও দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জের তাড়াইলে গতকাল শুক্রবার বিক্ষোভ হয়েছে। একই দাবিতে সুনামগঞ্জের ধরমপাশায়ও গতকাল মানববন্ধন হয়েছে।
তাড়াইল উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভূঁইয়া। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেওয়ান আলী সরকার, ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা গ্রেনেড হামলা মামলার বিচারকাজ দ্রুত সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত সব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও তাদের ফাঁসির দাবিতে ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রাঙ্গণে বেলা দুইটায় আধা ঘণ্টার মানববন্ধন হয়। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একাংশ এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, আবদুল হাই তালুকদার, সাধারণ সম্পাদক এস এ বিলকিস, যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন, আইনবিষয়ক সম্পাদক মামুনুর রহমান পুরকায়স্থ, উপজেলা যুবলীগের আহ্বায়ক জুবায়ের পাশা ওরফে হিমু প্রমুখ।