রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে গতকাল সোমবার কুমিল্লা, সুনামগঞ্জ ও শেরপুরে আলোচনা সভা, মিছিল ও সমাবেশ হয়েছে।
২০০৪ সালের ২১ আগস্ট ওই ভয়াবহ গ্রেনেড হামলায় আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য রক্ষা পান। তবে মারা যান দলের ২২ জন নেতা-কর্মী। আহত হন শেখ হাসিনাসহ কয়েক শ নেতা-কর্মী। গতকাল ছিল ওই হামলার ১৩ বছর পূর্তি।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চবিদ্যালয় মাঠে বিকেলে সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। পলাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাইউম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন্নাহার বেগম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির। সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের নেতা আপ্তাব উদ্দিন আহমেদ, রইছ উদ্দিন আহমেদ, আলী আমজাদ, নান্টু রায়, মোবারক হোসেন, খায়রুল কবির, মলয় চক্রবর্তী প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ওই দিন সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। কিন্তু তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এই বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচার করতে হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টায় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা সভা হয়। পরিষদের সভাপতি মোহাম্মদ আইনুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিন। বিকেল পাঁচটায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরের কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ মিছিল হয়। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হকের নেতৃত্বে ওই কর্মসূচিতে অংশ নেন মহানগর কমিটির সহসভাপতি জহিরুল ইসলাম ও আবুল কাশেম রৌশন, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন ভৌমিক প্রমুখ।
এর আগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুম সুলতানার উদ্যোগে সকাল ১০টায় নজরুল অ্যাভিনিউতে মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফজল খান ও কুমিল্লা শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিকদার।
শেরপুরে গতকাল দুপুরে জেলা মহিলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছরিন রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান। আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল ও সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল হাসান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, শহর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আঞ্জুম আলম প্রমুখ। আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমি থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চকবাজারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।