বরিশালে কলেজছাত্রী লাঞ্ছিত হওয়ার ঘটনার নিন্দা ও দোষী ব্যক্তিদের বিচারের দাবি করেছে জেলার বিভিন্ন সংগঠনের নেতারা। এ ছাড়া একই দাবিতে গতকাল শনিবার বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল শাখা ও প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মরকলিপি দেওয়া হয়।মেট্রোপলিটন পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহম্মেদ স্মারকলিপি গ্রহণকালে বলেন, ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বরিশাল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেনকে তিনি নির্দেশ দিয়েছেন।গত বুধবার ব্যাটারিচালিত অটোরিকশা বা ইজিবাইকে যাওয়ার সময় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্য ওই ছাত্রী সহযাত্রী মাহবুব হোসেনকে প্রকাশ্যে ধূমপান না করার অনুরোধ করেন। একপর্যায়ে মাহবুব নগরের বাংলাবাজার সড়কে ওই ছাত্রীকে টেনেহিঁচড়ে ইজিবাইক থেকে নামিয়ে মারধর করেন। এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে গতকাল বিবৃতি দিয়েছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা শাখার সভাপতি বিশ্বনাথ দাস, সাধারণ সম্পাদক সুনন্দ বাসার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজরুল ইসলাম, শিশু-কিশোরদের সংগঠন খেলাঘরের জেলা সভাপতি জীবনকৃষ্ণ দেসহ বিভিন্ন সংগঠনের নেতারা।