দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান ২২ বিশিষ্ট নাগরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহীদ মিনারে পুলিশের উপস্থিতিতে উন্মেষ সাংস্কৃতিক সংসদের রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছেন ২২ জন বিশিষ্ট নাগরিক। তাঁরা নারায়ণগঞ্জের এই অপতৎপরতার সঙ্গে জড়িত গোষ্ঠীর বিরুদ্ধে দ্রুত কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

আজ শুক্রবার এই ২২ বিশিষ্ট নাগরিকের সই করা যৌথ বিবৃতিতে বলা হয়, ‘রবীন্দ্রনাথ ও সংস্কৃতির ওপর এ আঘাতকে আমরা আমাদের ভবিষ্যৎ সংস্কৃতি ও রাজনীতির এক অশনিসংকেত বলে মনে করছি। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই ও ক্ষোভ প্রকাশ করছি এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের নিন্দা জানাচ্ছি।’ তাঁরা বলেন, নারায়ণগঞ্জে এ ঘটনা কোনোভাবেই সুশাসনের ইঙ্গিত বহন করে না। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র কখনোই অপরাধীদের প্রশ্রয় দিতে পারে না।

বিশিষ্ট এই নাগরিকেরা বলেন, ‘১০ মে বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন উন্মেষের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে পুলিশের উপস্থিতিতে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেয় স্থানীয় ছাত্রলীগ নামীয় দুর্বৃত্তরা। হামলা চালিয়ে তারা দুই নারীসহ ১০ জন সাংস্কৃতিক কর্মীকে আহত করে। রবীন্দ্রজয়ন্তীর সাউন্ডবক্স ভেঙে ফেলে, আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তরা হামলার সময় নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমানের পক্ষে স্লোগান দেয়। নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বির কুশপুত্তলিকা দাহ করে এবং তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে হুমকি-ধমকি দেয় বলে আমরা সংবাদমাধ্যমে জানতে পেরেছি। কিছুদিন আগেও আমরা সংবাদমাধ্যমে জানলাম, শামীম ওসমান স্থানীয় হেফাজতে ইসলামকে দিয়ে রফিউর রাব্বির বিরুদ্ধে মামলা করিয়ে নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করেছে। এখন তারা আবার রবীন্দ্রনাথের ওপর আক্রমণ করেছে।’

বিবৃতিদাতা ২২ বিশিষ্ট নাগরিক হলেন ভাষাসৈনিক আহমদ রফিক, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন, সাংবাদিক কামাল লোহানী, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, শিক্ষাবিদ যতীন সরকার, শিক্ষাবিদ হায়াৎ মামুদ, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, লেখক সৈয়দ আবুল মকসুদ, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, চিত্রশিল্পী রফিকুন নবী, উদীচীর সভাপতি সফিউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, শিক্ষাবিদ শফি আহমেদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক আনু মুহাম্মদ, সংগীতশিল্পী মিতা হক, চিত্রশিল্পী জাহিদ মুস্তাফা, সংগীতশিল্পী কফিল আহমেদ ও প্রকৌশলী ম ইনামুল হক।