রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা
দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান ২২ বিশিষ্ট নাগরিক
নারায়ণগঞ্জ শহীদ মিনারে পুলিশের উপস্থিতিতে উন্মেষ সাংস্কৃতিক সংসদের রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছেন ২২ জন বিশিষ্ট নাগরিক। তাঁরা নারায়ণগঞ্জের এই অপতৎপরতার সঙ্গে জড়িত গোষ্ঠীর বিরুদ্ধে দ্রুত কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
গতকাল বিশিষ্ট নাগরিকদের সই করা বিবৃতিতে বলা হয়, ‘রবীন্দ্রনাথ ও সংস্কৃতির ওপর এ আঘাতকে আমরা আমাদের ভবিষ্যৎ সংস্কৃতি ও রাজনীতির অশনিসংকেত বলে মনে করছি।’ বিশিষ্ট নাগরিকেরা বলেন, ‘১০ মে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন উন্মেষের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান পণ্ড করে দেয় স্থানীয় ছাত্রলীগ নামীয় দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা হামলার সময় নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমানের পক্ষে স্লোগান দেয়।’
বিবৃতিদাতা ২২ বিশিষ্ট নাগরিক হলেন ভাষাসৈনিক আহমদ রফিক, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন, সাংবাদিক কামাল লোহানী, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, শিক্ষাবিদ যতীন সরকার, শিক্ষাবিদ হায়াৎ মামুদ, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, লেখক সৈয়দ আবুল মকসুদ, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, চিত্রশিল্পী রফিকুন নবী, উদীচীর সভাপতি সফিউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, শিক্ষাবিদ শফি আহমেদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক আনু মুহাম্মদ, সংগীতশিল্পী মিতা হক, চিত্রশিল্পী জাহিদ মুস্তাফা, সংগীতশিল্পী কফিল আহমেদ ও প্রকৌশলী ম ইনামুল হক।