দোষীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চান হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনা কর্মকর্তার বাসায় শিশু গৃহকর্মী হাসিনার ওপর নিষ্ঠুর নির্যাতনের ঘটনায় তদন্ত করা হয়েছে কি না এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ১০ দিনের মধ্যে হাইকোর্টকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অসুস্থ শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) কর্তৃপক্ষ ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।গতকাল বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।একই সঙ্গে নির্যাতিত শিশুটির নিরাপত্তা নিশ্চিত, নির্যাতনের ঘটনা তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।রিটটি করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। ব্লাস্টের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী তৌফিকুল ইসলাম ও অবন্তী নুরুল।সারা হোসেন প্রথম আলোকে বলেন, হাসিনার নির্যাতনের ঘটনা তদন্ত ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ১০ দিনের মধ্যে প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে বলা হয়েছে। আইজিপি, ঢাকা ক্যান্টনমেন্ট থানা ও ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া নির্যাতনকারী নুসরাত জাবীন নিপা, তাঁর স্বামী মেজর আকতার শাহেদ বা নিপার মা খোশনাহার বেগম যাতে চিকিৎসাধীন শিশুটির কাছে যেতে না পারে, তা নিশ্চিত করতে হাইকোর্ট সিএমএইচ কর্তৃপক্ষ ও পুলিশকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল ও পরিচালক মো. নূর খান যাতে হাসপাতালে গিয়ে শিশুটির সঙ্গে দেখা করতে পারেন, সেই সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।আসকের পরিচালক মো. নূর খান প্রথম আলোকে বলেন, আদালত আসকের দুজনকে শিশুটির সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন। আদেশের অনুলিপি পাওয়ার পর হাসপাতালে শিশুটিকে দেখতে যাবেন তাঁরা। আসক মেয়েটির চিকিৎসা ও আইনগত সহায়তা করবে।১০ বছরের শিশু হাসিনা ঢাকা সেনানিবাসে মেজর আকতার শাহেদের বাসায় (১২/সি, রজনীগন্ধা) কাজ করত। তাকে সেনা কর্মকর্তার স্ত্রী নিপা দিনের পর দিন মারধর করে আসছেন বলে অভিযোগ রয়েছে। এতে তার পা থেকে গলা পর্যন্ত নানা স্থানে দগদগে ঘা ও পচন ধরে। পরে গুরুতর আহত শিশুটিকে মেজরের স্ত্রী গত ২৬ মার্চ রাতে গাড়ি করে নিয়ে ঢাকার রাজারবাগে একটি বাসার সামনে ফেলে যান। ওই বাসায় কাজ করতেন হাসিনার আরেক বোন নাছিমা। পরদিন সকালে লোকজনের জটলা দেখে বাসার মালিক ও নাছিমা সেখানে গিয়ে হাসিনাকে দেখতে পান। তাঁরা মেয়েটিকে ফেনীতে তাঁর ভাই ইউসুফের কাছে পাঠিয়ে দেন। ইটভাটার শ্রমিক ইউসুফ ২৭ মার্চ বোনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করান। এরপর ‘এ কেমন নিষ্ঠুরতা!’ শিরোনামে গত সোমবার প্রথম আলোয় এ খবর প্রকাশিত হওয়ার পর বিভিন্ন মহলে নাড়া পড়ে। প্রথম আলোর প্রতিবেদন যুক্ত করে ব্লাস্ট হাইকোর্টে রিট আবেদনটি করে।এর আগে গত সোমবার আসক হাসিনার উন্নত চিকিৎসা ও আইনি সহায়তা দিতে ঢাকায় আনার চেষ্টা করে, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা ব্যর্থ হয়। গত মঙ্গলবার সিএমএইচে চিকিৎসা করানোর আশ্বাস দিয়ে হাসিনাকে নিজ জিম্মায় নিয়ে যান মেজর আকতার শাহেদের শাশুড়ি খোশনাহার বেগম।