দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ শিক্ষাসচিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে স্কুলছাত্রী সাথী আক্তারের আত্মহত্যার ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন। সদর উপজেলার মধ্য বাগাদী গ্রামে সাথীর বাড়িতে গতকাল বৃহস্পতিবার সকালে তার মা-বাবার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শিক্ষাসচিব বলেন, ‘শিক্ষার্থী আত্মহত্যার ঘটনায় যারা দোষী এবং সংশ্লিষ্টতা রয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। আমরা এই পরিবারের সঙ্গে আছি। আর যাতে এমন ঘটনা না ঘটে, সরকারের পক্ষ থেকে সে জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটি স্থানীয়ভাবে রিপোর্ট দেবে, এই কমিটি ঠিক করবে কীভাবে কী করা যায়।’
পরে বাগাদী গণি উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন শিক্ষাসচিব। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান।
সাথীর আত্মহত্যার ঘটনায় স্কুলে শিক্ষাসচিবের উপস্থিতিতে বিচার চেয়ে বিক্ষোভ করেছেন এলাকার শিক্ষার্থী ও অভিভাবকেরা।
পরীক্ষার ফি বকেয়া থাকায় গত রোববার বাগাদী গণি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাথীসহ কয়েকজন শিক্ষার্থীকে রোদে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন। অপমান সহ্য করতে না পেরে পরদিন সোমবার সাথী নিজ বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই দিন রাতেই সাথীর বাবা দেলোয়ার হোসেন আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে চাঁদপুর মডেল থানায় চার শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।