দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আসকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে জামায়াত-শিবিরের সহিংসতা ও সংখ্যালঘু ব্যক্তিদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। গতকাল শুক্রবার সংস্থার নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবারের এ হামলার ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র আইনশৃঙ্খলা বাহিনীকে এসব সহিংসতা প্রতিহত করতে এবং সংখ্যালঘু ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ও সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানিয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রায় ঘোষণার আগে থেকেই জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা রাজপথে সক্রিয় হয়ে ওঠেন। তাঁরা পুলিশের ওপর বিভিন্নভাবে হামলা চালাতে শুরু করেন। রায় ঘোষণার পর পর তাঁরা সারা দেশে তাণ্ডব চালান। এতে কয়েকজন পুলিশ সদস্যও নিহত হন। আহত হয়েছেন দুই শতাধিক। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু ব্যক্তিদের বাড়িঘর ভাঙচুর করেছেন, আগুন দিয়েছেন। তাঁরা মন্দিরেও হামলা করেছেন। যানবাহনে অগ্নিসংযোগ করছেন। এদিকে কয়েকটি বাম দল নিয়ে গঠিত গণতান্ত্রিক বাম মোর্চা জামায়াত-শিবিরের হামলা প্রতিহত করার ঘোষণা দিয়েছে। তারা এসব হামলার প্রতিবাদে আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও বাংলাদেশ সনাতন ধর্মীয় সম্মিলিত পরিষদ জামায়াত-শিবিরের হামলার নিন্দা জানিয়েছেন। গণতন্ত্র রক্ষা মঞ্চ নামের একটি সংগঠন বৃহস্পতিবারের সহিংসতার নিন্দা জানিয়েছেন।