দোষীদের শাস্তি দিতে চান না খুলনার সিভিল সার্জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তদন্ত বোর্ড দাকোপ উপজেলা হাসপাতালের চার কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে। কিন্তু খুলনার সিভিল সার্জন দোষী কর্মকর্তাদের শাস্তির কথা না বলে সংশোধনের সুযোগ দেওয়ার সুপারিশ করেছেন। একে সন্দেহজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর।এ বছর ৯ জুন প্রথম আলোয় ‘অস্বাভাবিক অস্ত্রোপচার!’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে বলা হয়, খুলনা জেলার দাকোপ উপজেলা হাসপাতালে অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার বেশি হয়, খাতায় অস্ত্রোপচারের সংখ্যা কম লেখা হয় এবং সরকারি চিকিৎসকেরা অস্ত্রোপচার করে রোগীর কাছ থেকে অর্থ নেন। ঘটনা তদন্তে সিভিল সার্জনকে নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। খুলনা সিভিল সার্জন তিন সদস্যের তদন্ত বোর্ড গঠন করেন। বোর্ড ১৪ জুন তদন্ত প্রতিবেদন জমা দেয় সিভিল সার্জনের কাছে। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপেনডিক্স ও অন্যান্য অস্ত্রোপচার এবং প্রতিবেদন দাখিলের মধ্যে অনেক পার্থক্য ছিল। এ ছাড়া চিকিৎসক সন্তোষ মজুমদার ওটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অস্ত্রোপচারের সংখ্যা কম লিখতে নির্দেশ দেন এবং চিকিৎসকেরা অস্ত্রোপচার করে রোগীর কাছ থেকে টাকা নেন। প্রতিবেদনে আরও বলা হয়, ওই হাসপাতাল ঘিরে একটি দালাল চক্র আছে, মেডিকেল টেকনোলজিস্ট আনন্দ লাল সাহা সেই চক্রের সমন্বয়কারী।স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এবং অন্য কর্মকর্তা-কর্মচারীদের লিখিত ও মৌখিক জবানবন্দি নেয় তদন্ত বোর্ড। এ ছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জবানবন্দি পর্যালোচনা করে তদন্ত বোর্ড প্রতিবেদন তৈরি করে। তাতে বলা হয়েছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা বিধান, মোজাম্মেল ও সন্তোষ মজুমদার হাসপাতালের কোয়ার্টারে থাকেন। তিনজনই ভাড়া দেওয়ার ক্ষেত্রে সরকারকে ফাঁকি দিচ্ছেন। কর্মকর্তাদের কারণে হাসপাতালে সেবার মান কমে যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দাকোপে বেসরকারি ক্লিনিক না থাকায় এবং খুলনা শহর থেকে এর দূরত্ব বেশি হওয়ায় এখানে রোগীর চাপ ও অস্ত্রোপচার বেশি।খুলনার সিভিল সার্জন মো. গোলাম মুরতোজা সিকদার তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক বরাবর পাঠিয়ে দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, তদন্তকারীদের সঙ্গে তিনি একমত। তবে তিনি বলেছেন, দোষীদের সতর্ক করা ও সংশোধনের সুযোগ দেওয়া যেতে পারে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক রশীদ-ই-মাহবুব বলেন, একটি এলাকায় অ্যাপেন্ডিসাইটিসের প্রকোপ বেশি কেন তার বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রয়োজন ছিল। সরকার তা করেনি। অন্যদিকে যে তদন্ত হয়েছে, তাতেও দুর্বৃত্তায়নের চিত্র স্পষ্ট ফুটে উঠেছে। এখানে কাউকে কোনো ছাড় বা ক্ষমা করার সুযোগ নেই। একই কথা বলেছেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রার জাহেদুল হক বসুনিয়া। তিনি আরও বলেন, বিএমডিসির নিবন্ধন নিয়ে চিকিৎসকেরা পেশাচর্চার অনুমতি পান। অসদাচরণের কারণে নিবন্ধন বাতিল করার ক্ষমতা আছে এই প্রতিষ্ঠানের। সংশোধনের সুযোগ দেওয়ার ব্যাপারে খুলনার সিভিল সার্জন প্রথম আলোকে বলেন, ‘সুপারিশ আমি করতেই পারি। তবে মানা না-মানা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার।’স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ বলেন, অপরাধের প্রমাণ পাওয়া গেলে শাস্তি দিতেই হবে। প্রয়োজনে অধিকতর তদন্ত হবে। ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সিভিল সার্জনের মন্তব্যকে তিনি ‘সন্দেহজনক’ বলেছেন।