কল্পনা চাকমার অপহরণের ১৭ বছর
দোষীদের শাস্তি না হওয়ায় আদিবাসী নারীদের বিরুদ্ধে নির্যাতন বেড়েছে
বিশিষ্টজনেরা বলেছেন, কল্পনা চাকমার অপহরণের ঘটনায় দোষীদের শাস্তি না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে আদিবাসী নারীদের বিরুদ্ধে নির্যাতন বেড়ে চলেছে। মানবাধিকার ও শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে কল্পনার অপহরণকারীদের শাস্তি হওয়া প্রয়োজন।
আদিবাসী নেত্রী কল্পনার অপহরণের ১৭ বছর উপলক্ষে গতকাল বুধবার রাঙামাটি শহর ও বাঘাইছড়ি উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এই মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। তাঁরা কল্পনার অপহরণ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, যথাযথ বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, একের পর এক তদন্তের পরও লেফটেন্যান্ট ফেরদৌসসহ দোষীদের বাঁচাতে প্রহসনমূলক প্রতিবেদন দেওয়া হচ্ছে।
এসব কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, ঘটনার দীর্ঘ ১৪ বছর পর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। সেখানে তদন্ত কর্মকর্তা আসামিদের অজ্ঞাতনামা উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তী সময়ে সিআইডির তদন্ত প্রতিবেদনেও প্রকৃত আসামিদের বাদ দেওয়া হয়। এখন পুলিশ সুপার দিয়ে পুনঃ তদন্ত চলছে।
বক্তারা বলেন, ‘আমরা পুলিশ সুপারের তদন্তও নিরপেক্ষ হওয়ার আশা করছি না। সরকারি কোনো সংস্থায় আমরা বিশ্বাস করতে পারছি না। তাই স্বাধীন বিচার বিভাগীয় পুনঃ তদন্ত করতে হবে।’ তাঁরা বলেন, ‘বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে কল্পনা বেঁচে আছেন, না তাঁকে মেরে ফেলা হয়েছে, সেটাই আমরা জানতে চাই। নইলে পাহাড়ে অশান্তি সৃষ্টি হলে সেই দায়ভার সরকারকে নিতে হবে।’
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন ও মহিলা সমিতির উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন উদয়ন ত্রিপুরা, তাপস চাকমা, ত্রিজিনাদ চাকমা, রিমিতা চাকমা। সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি জড়িতা চাকমা।
এর আগে সকাল নয়টায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে সদর উপজেলার কুতুবছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কনিকা চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শান্তিপ্রভা চাকমা, ত্রিপুরা প্রমুখ। তাঁরা কল্পনার অপহরণ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
অন্যদিকে বাঘাইছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের বাঘাইছড়ি সভাপতি লিলিকা চাকমা সভাপতিত্ব করেন। বক্তব্য দেন রিনা দেওয়ান, অঙ্গত চাকমা, জ্যোতি লাল কার্বারী প্রমুখ।
১৯৯৬ সালের ১২ জুন বাঘাইছড়ির নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহূত হন অবিভক্ত হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদিকা কল্পনা চাকমা। এ ঘটনায় তাঁর ভাই কালিন্দী কুমার চাকমা থানায় মামলা করেন। এতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট ফেরদৌস, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মো. সালেহ আহমঞ্চদ ও মো. নুরুল হককে আসামি করা হয়।