‘রক্ত দেব জীবন দেব, বসতভিটা ছাড়ব না’, ‘ভূমিদস্যুতা যেখানে লড়াই হবে সেখানে’—এমন সব স্লোগানে গতকাল শনিবার দীর্ঘ ১০ কিলোমিটার পদযাত্রা করেছে নওগাঁর পোরশা উপজেলার আদিবাসী নারী-পুরুষেরা। গত বছরের ১২ জুন সন্ত্রাসীরা পোরশার খাতিরপুর সোনাডাঙ্গা গ্রামে ৭২টি বাড়িঘর পুড়িয়ে দেয় ও লুটপাট চালায়। এ ঘটনার বছর পূর্তির দিনটিকে পোরশার আদিবাসীরা ‘ভূমিদস্যু প্রতিরোধ দিবস’ আখ্যায়িত করে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির অংশ হিসেবে পোরশার সরাইগাছি মোড়ে বেলা ১১টার দিকে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে সরাইগাছি থেকে দীর্ঘ ১০ কিলোমিটার পদযাত্রা হয়। পদযাত্রা চলাকালে তেঁতুলডাঙ্গা ও কুমালপাড়ায় পথসমাবেশ ও শেষে সোনাডাঙ্গা আদিবাসী গ্রামে সমাবেশ করে আদিবাসীরা। এসব কর্মসূচির নেতৃত্ব দেন যৌথভাবে জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখা, আদিবাসী সমন্বয় পরিষদ, লাহন্তি আখড়া ফোরাম, আদিবাসীদের সামাজিক সংগঠন দিঘরী পরিষদ, পারগানা পরিষদ ও আদিবাসী অধিকার আন্দোলন সমন্বয় কমিটি। এ কর্মসূচিতে অংশ নেয় দুই শতাধিক নারী-পুরুষ। পোরশা উপজেলা আদিবাসী নেতা কানু মুর্মুর সভাপতিত্বে সোনাডাঙ্গা গ্রামে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পোরশা উপজেলার খাতিরপুর মৌজার আদিবাসীদের ২৭ বিঘা জমি নূর হোসেন মাস্টার নামের এক ভূমিদস্যু জাল দলিলের মাধ্যমে জবরদখল করার চেষ্টা চালান। এ প্রক্রিয়ার অংশ হিসেবে গত বছরের ১২ জুন তাঁর সমর্থকেরা তীর-ধনুক, হাঁসুয়া, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে সোনাডাঙ্গা আদিবাসী গ্রামে হামলা চালায়। তাদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা হলেও পুলিশ পক্ষপাতমূলক আচরণ করে। উল্টো নূর হোসেন মাস্টারের দায়ের করা মামলায় পুলিশ আদিবাসীদের হয়রানি করে।