সাভার ট্র্যাজেডির দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা শহর মাইজদী টাউন হল মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ জেলা শাখার সভাপতি মতিন উদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের জেলা সদস্যসচিব দলিলের রহমান, সদস্য মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ, তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন, বাসদ জেলা শাখার সদস্য ফখরুল ইসলাম, সদস্য মাসুদ রেজা ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক বিটুল তালুকদার প্রমুখ। সমাবেশে বক্তারা নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, মালিকপক্ষের অতিমুনাফা, কারখানার অব্যবস্থাপনা, নিয়মনীতি লঙ্ঘন করে ভবন নির্মাণ করা ও দায়ী ব্যক্তিদের শাস্তি না হওয়ায় এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এ সময় বক্তারা নিহত প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ, আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও সব চিকিৎসাব্যয় বহনের দাবিও জানান।