নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে একই পরিবারের চারজনকে হত্যার অভিযোগে আটক শামীম রেজার পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল শুক্রবার এলাকার সর্বস্তরের মানুষ বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
এলাকাবাসীর কয়েকজন জানান, জুমার নামাজের পর ওই ইউনিয়নের মেঘনাঘাট প্রতাপেরচরে সড়ক অবরোধ করে এলাকার বিভিন্ন স্তরের মানুষ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা শামীমকে নির্যাতন করে হত্যার অভিযোগে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর, থানার পরিদর্শক (তদন্ত) অরূপ তরফদার ও উপপরিদর্শক (এসআই) পল্টু ঘোষের শাস্তি দাবি করেন। মানববন্ধন শেষে শুরু হয় বিক্ষোভ মিছিল।
সুরতহাল প্রতিবেদন: শামীমের মৃত্যুর পর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন ঢাকার শাহবাগ থানার এসআই সোহেল রানা। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরার উপস্থিতিতে তিনি এই প্রতিবেদন তৈরি করেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, শামীমের দুই পায়ে কালো দাগ এবং হাঁটুতে জখম হয়ে কালো দাগ, কোমরের দুই পাশে কালো দাগ, দুই হাতে জখম, হাতের কবজিতে আঙুল পর্যন্ত গোলাকার জখম রয়েছে। নাক ও মুখ দিয়ে পানি নির্গত হয়েছে, কপালের উপরিভাগে ডান পাশে কালো দাগ ও জখম রয়েছে।
এদিকে শামীমের বড় ভাই ইকবাল হোসেন অভিযোগ করেছেন, ‘আওয়ামী লীগের স্থানীয় এক নেতার মাধ্যমে ওসি আমাদের ২০ লাখ টাকায় আপস-মীমাংসার প্রস্তাব দিয়ে আন্দোলন বন্ধ করার প্রস্তাব দিয়েছেন। আমরা প্রস্তাব প্রত্যাখ্যান করেছি।’ তবে ওসি এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কারও মাধ্যমে এ ধরনের প্রস্তাব দেইনি।’
পত্রিকা সরবরাহ বন্ধ: শামীমকে নির্যাতন করার অভিযোগে থানার পুলিশের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ায় পুলিশের বিরুদ্ধে এলাকাবাসী আন্দোলনে নেমে পড়তে পারে—এ আশঙ্কায় পুলিশ স্থানীয় হকারদের পত্রিকা বিলি করতে নিষেধ করেছে। এ কারণে হকাররা গতকাল সোনারগাঁয়ে কোনো জাতীয় পত্রিকা সরবরাহ করেননি বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে সোনারগাঁয়ে জাতীয় পত্রিকা সরবরাহকারী হকার শাহজাহান মিয়া জানান, সকালে বৃষ্টির কারণে পত্রিকা সরবরাহ করা হয়নি। পুলিশের বাধা আছে কি না, জানতে চাইলে এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অন্য কয়েকজন হকার জানান, পুলিশের ভয়ে তাঁরা পত্রিকা সরবরাহ করেননি। রাতে পুলিশ পত্রিকা সরবরাহ করতে হকারদের নিষেধ করে।
গত ১৯ এপ্রিল পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামের বাসভবনে তাঁর দ্বিতীয় স্ত্রী শামীমা ইসলাম, শামীমার ছোট ভাই রানা ইসলাম, বাড়ির দুই গৃহপরিচারিকা রেখা আক্তার ও মণি আক্তারকে জবাই করে হত্যা করা হয়। পুলিশ এই খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রতাপেরচর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে শামীমকে ১৪ মে তাঁর বাড়ি থেকে আটক করে। পরে তাঁকে পুলিশ সাত দিন ধরে আটকে রেখে নির্যাতন করে বলে অভিযোগ ওঠে।
অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ২০ মে আদালতে হাজির করা হয়। আদালতে অসুস্থ হয়ে যাওয়ার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২২ মে সকালে ওই হাসপাতালে তিনি মারা যান।