দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন, সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শিক্ষিকাকে (২৯) অপহরণের ঘটনার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল রোববার মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। এদিকে শিক্ষিকাকে অপহরণের মামলার আসামি শাহজাহান কবিরকে (৩৬) জিজ্ঞাসাবাদের জন্য গতকাল দুই দিনের রিমান্ডে নিয়েছে পূর্বধলা থানার পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে গতকাল শাহজাহানকে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সকালে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী পূর্বধলা ডিগ্রি কলেজ রোডে মানববন্ধন করে। ছাত্রছাত্রীরা জানায়, শ্রদ্ধেয় শিক্ষিকারা যখন অপহরণের শিকার হচ্ছেন, তাতে প্রমাণিত হয়, ইভ টিজিং ও নারী নির্যাতনের ঘটনা কোন পর্যায়ে পৌঁছেছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। পরে বিকেলে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা পূর্বধলা জগৎ মণি পাইলট উচ্চবিদ্যালয়ে প্রতিবাদ সভা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আবদুল বারী আনসারী, আশরাফ উদ্দিন খান, আবদুল খালেক, নূরে আলম সিদ্দিকী, বিকাশ চন্দ্র সরকার, হাবিবুর রহমান, আবু সাঈদ খোকন প্রমুখ। তাঁরা শিক্ষিকা অপহরণের ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে এর প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেনও এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে এর দায়দায়িত্ব তাকেই নিতে হবে। এ রকম ন্যক্কারজনক ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।’গত শনিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এরশাদ হোসেনের ছোট ভাই শাহজাহান ওই শিক্ষিকাকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এ ঘটনার চার ঘণ্টা পর পূর্বধলা থানার পুলিশ শাহজাহানের গ্রামের বাড়ি থেকে অপহূত শিক্ষিকাকে উদ্ধার এবং শাহজাহানকে গ্রেপ্তার করে।