নোয়াখালীতে দুই শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বুধবার শহরের টাউন হল মোড়ে জেলা শিক্ষক সমিতি মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করে। শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে।
গত মঙ্গলবার শহরের অরুণ চন্দ্র উচ্চবিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বখাটেরা শিক্ষক পিন্টু চন্দ্র আচার্য ও আবুল কাশেমকে পিটিয়ে গুরুতর আহত করে।
গতকাল বেলা ১১টার দিকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা শহরের টাউন হল মোড়ে মানববন্ধন ও সমাবেশ করেন। তাঁরা ঘটনার বিচার দাবি করেন। বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শিক্ষক সমিতির সহসভাপতি এ বি এম আবদুল আলীম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর, শিক্ষক নেতা হারুনুর রশিদ, সফি উদ্দিন প্রমুখ।
গতকাল বেলা পৌনে ১১টার দিকে অরুণ চন্দ্র উচ্চবিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। শিক্ষার্থীরা সড়কের ওপর অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
দুই শিক্ষককে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন প্রথম আলোকে জানান, শিক্ষকদের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তবে গতকাল বিকেল পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ।