
চোর অপবাদ দিয়ে সিলেটে ছোট্ট শিশু শেখ মো. সামিউল আলম ওরফে রাজনকে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবারও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল বিকেলে তিনটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজ, চট্টগ্রাম’; ‘আমরা কজন বিবেকবান, সংবেদনশীল ও দেশপ্রেমিক মানুষ’ এবং ‘পলিটিক্যাল ফেলো অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে আয়োজিত ওই সব মানববন্ধন থেকে সামিউল হত্যাকারীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান বক্তারা।
ব্রাহ্মণবাড়িয়ায় বেলা ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে ঝিলমিল শিশু কিশোর একাডেমি নামের একটি সংগঠন মানববন্ধনের আয়োজন করে। এতে সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মৌলভীবাজার চৌমোহনা চত্বরে দুপুরে প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলোর ব্যানারে মানববন্ধন হয়। এ সময় এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শুধু অর্থবিত্ত ও ক্ষমতা থাকলে যেকোনো কিছু করে পার পাওয়া যায়, এ ধারণা থেকেই সামিউলকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সমাজে নীতি ও আদর্শহীনতার চর্চা বেড়ে যাওয়ায় মানুষের মানবিক গুণাবলি ক্রমশ লোপ পাচ্ছে।
কুড়িগ্রামে সামিউল হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বরাবর স্মারকলিপি দিয়েছে শিশুসংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ)। সকালে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের মাধ্যমে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলা ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বেসরকারি সংস্থা। কক্সবাজার নারী ও শিশু সুরক্ষা নেটওয়ার্ক এ কর্মসূচির আয়োজন করে। বক্তারা বলেন, সরকারি নজরদারির পরও কীভাবে মূল আসামি কামরুল বিদেশে পালিয়ে যায়, তা-ও সবাইকে হতবাক করেছে।
লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে সকালে শিশুদের একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠন আরশিনগর বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধনে পাঁচ শতাধিক শিশু, তাদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন করে সামিউল হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে। সকাল ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে বারসিক, খেলাঘর, উদীচী শিল্পী গোষ্ঠী, উত্তরণ ও প্রথম আলো বন্ধুসভা। এ সময় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে বর্বরোচিত এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নেত্রকোনা পৌরসভা কার্যালয়ের সামনে বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সামাজিক, সাংস্কৃতিক, বেসরকারি সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বেলা সাড়ে তিনটা থেকে আধা ঘণ্টা ধরে মানববন্ধন শেষে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এ ছাড়া দুপুর ১২টার দিকে কেন্দুয়া প্রেসক্লাবের সামনে কেন্দুয়া-নেত্রকোনা সড়কে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উদীচী শিল্পীগোষ্ঠী এটি আয়োজন করে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও কক্সবাজার; কুড়িগ্রাম অফিস এবং ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, লালমনিরহাট, মানিকগঞ্জ, নেত্রকোনা ও কেন্দুয়া প্রতিনিধি}