চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, দৈনিক খোলা কাগজ-এর প্রতিনিধি আবদুর রবসহ চারজনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব। গতকাল বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কামাল উদ্দীন পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন। অন্যদিকে, দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে বিবৃতি দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় পার্টি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ২৩ আগস্ট সদর উপজেলার টংপাড়ায় একটি বিরোধপূর্ণ পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার ঘটনায় ব্যবসায়ী টি ইসলাম (তরিকুল ইসলাম) মামলা করেন। ওই মামলায় সাংবাদিক আনোয়ার হোসেনকেও আসামি করা হয়। কিন্তু মামলায় এই সাংবাদিকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। অন্যদিকে, ওই ঘটনার তিন দিন পর নাচোলের মানিকড়া গ্রামে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে টি ইসলামের নির্দেশে তাঁর লোকজন আনোয়ার হোসেন ও দৈনিক খোলা কাগজ-এর জেলা প্রতিনিধি আবদুর রবের ওপর হামলা চালায়। এতে দুই সাংবাদিক গুরুতর আহত হন। এ ব্যাপারে আনোয়ার হোসেন নাচোল থানায় মামলা করেন। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় স্মারকলিপিতে। এসপি বিষয়গুলো সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।
অন্যদিকে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী গতকাল যৌথ বিবৃতিতে দুই সাংবাদিকের ওপর হামলার নিন্দা, দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।