সিলেটে বিএনপি নেতার মালিকানাধীন কমিউনিটি সেন্টারে হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। শুক্রবার রাতে নগরে বিক্ষোভ করে সভা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। গতকাল শনিবার ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদও এক বিবৃতিতে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। শুক্রবার বিকেলে টিলাগড় এলাকায় নগর বিএনপির সহসভাপতি মাকসুদ আলীর মালিকানাধীন প্রত্যাশা কমিউনিটি সেন্টারে হামলা চালায় ছাত্রলীগ নামধারী একটি পক্ষ। এর আগে হামলাকারীরা ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মনসুর আলীকে মারধর করে এবং স্বেচ্ছাসেবক দলের শাহপরান শাখার আহ্বায়ক দীপক রায়ের বাসায় ভাঙচুর করে। হামলার প্রতিবাদে রাত নয়টায় জাতীয়তাবাধী স্বেচ্ছাসেবক দল নগরে মিছিল করে প্রতিবাদ সভায় মিলিত হয়। নগরের কোর্ট পয়েন্টে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক ফরহাদ চৌধুরী, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আবদুল আহাদ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, আরিফ ইকবাল প্রমুখ। ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের পক্ষে আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি শেখ মকন মিয়া ও সদস্যসচিব এ টি এম ফয়েজ এক বিবৃতিতে কমিউনিটি সেন্টারে হামলার নিন্দা জানিয়েছেন। এতে তাঁরা উল্লেখ করেন, হামলায় সরকারদলীয় এক সাংসদের মদদ রয়েছে।