দোসরদের ফাঁসি হওয়ায় বাকরুদ্ধ বিএনপি: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির দোসর রাজাকারদের ফাঁসির রায় হওয়ায় তারা এখন বেসামাল, বাকরুদ্ধ। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে।’
আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ আয়োজিত সমাবেশে হানিফ এ মন্তব্য করেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘রাজাকারদের ফাঁসির রায় হওয়ার পর বিএনপির নেতাদের সাংবাদিকেরা ফোন করে পান না। কারণ দোসরদের ফাঁসি হওয়ায় তাঁরা বাকরুদ্ধ হয়ে কথা বলছেন না।’
কাদের মোল্লার ফাঁসির রায়ে উচ্ছ্বাস প্রকাশ করে হানিফ বলেন, এ ন্যায়নিষ্ঠ রায় হওয়ায় উচ্চ আদালতের প্রতি মানুষের শ্রদ্ধা বেড়ে গেল। এ রায় হওয়ায় তিনি শুকরিয়া জ্ঞাপন করেন। ৫০-এর নিচে যাঁদের বয়স, তাঁদের যুদ্ধাপরাধীদের রাজনীতি ছেড়ে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ বলেন, ‘অনেকে বলেন শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। কিন্তু আমরা বলছি, শেখ হাসিনার অধীনে নির্বাচন দিয়ে জনগণের ম্যান্ডেট (সমর্থন) নিয়ে ক্ষমতায় আসব। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ব।’

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী।

এদিকে জামায়াতের হরতালের বিরুদ্ধে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও জিরোপয়েন্ট এলাকায় মিছিল করেছে শ্রমিক লীগ, ওলামা লীগসহ আওয়ামী লীগ-সমর্থিত বেশ কয়েকটি সংগঠন।