দোস্তগ্রামে গরুর মৃত্যুর কারণ চিহ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্তগ্রামে গিয়ে বুধবার থেকে গরুর চিকিৎসা কার্যক্রম শুরু করেছে জেলা প্রাণিসম্পদ বিভাগের একটি চিকিৎসা দল। এ গ্রামের অর্ধশত গরুর মৃত্যুর কারণ হিসেবে বাদলা ছাড়া আরও কয়েকটি কারণ চিহ্নিত করেছেন এ বিভাগের কর্মকর্তারা।প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা দাবি করেছেন, খাদ্যাভাব, ভ্রমণজনিত ধকল, রক্ত আমাশয়, পেট ফাঁপা, খুরা রোগ ও খাদ্যে বিষক্রিয়ায় দোস্তগ্রামের অধিকাংশ গরু মারা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক মাসে বাদলা রোগে দোস্তগ্রামের ৩০টি পরিবারের অন্তত ৫০টি গরু মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে আরও শতাধিক গরু। এ নিয়ে ২০ জুলাই প্রথম আলোয় ‘চুয়াডাঙ্গার গ্রামে বাদলা রোগে ৫০ গরুর মৃত্যু’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এরপর প্রাণিসম্পদ বিভাগের খুলনা বিভাগীয় উপপরিচালক মৃণাল কান্তি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে ওই দিনই নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী, বুধবার থেকেই জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কোহিনুর ইসলামসহ চারজন চিকিৎসকের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল দোস্তগ্রামে গিয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করেন।জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার পর্যন্ত দোস্তগ্রামে ২৪০টি গরুকে বাদলা এবং ৫০০টি গরুকে তড়কা রোগের প্রতিষেধক দেওয়া হয়েছে। বর্ষা মৌসুমে শূন্য থেকে তিন বছর বয়সের গরুর বাদলা রোগ হয়। এর বেশি বয়সের গরুর মধ্যে তড়কা রোগের প্রাদুর্ভাব দেখা যায়।প্রাণিসম্পদ কর্মকর্তা কোহিনুর ইসলাম গতকাল শুক্রবার দোস্তগ্রামের পরিস্থিতি সম্পর্কে খুলনা বিভাগীয় উপপরিচালকের কাছে লিখিত প্রতিবেদন পাঠিয়েছেন।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দোস্তগ্রামে গরুর ব্যবসায়ী আছেন ৩০ থেকে ৪০ জন। তাঁরা সপ্তাহে ২০০ থেকে ২৫০টি গরু সীমান্তের বিভিন্ন হাটবাজার থেকে কিনে আনেন এবং তিন-চার দিন রাখার পর আবার বিক্রি করে দেন। গরুগুলো খুবই দুর্বল প্রকৃতির।প্রাণিসম্পদ কর্মকর্তা কোহিনুর ইসলাম জানান, তিনি গরু কেনা-বেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের অসুস্থ ও দুর্বল গরু না কেনার জন্য পরামর্শ দিয়েছেন।