দোহাজারী পিকিং বিদ্যুৎ কেন্দ্রের নাম পরিবর্তনের প্রতিবাদে সড়ক অবরোধ
চট্টগ্রামের দোহাজারী পিকিং বিদ্যুৎকেন্দ্রের নাম পরিবর্তনের প্রতিবাদে গতকাল সোমবার দোহাজারীতে সড়ক অবরোধ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দোহাজারী ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্রের নাম পরিবর্তন করে সাঙ্গু পিকিং বিদ্যুৎকেন্দ্র রাখা হয়েছে। এর প্রতিবাদে দোহাজারী সর্বদলীয় সংগ্রাম পরিষদ গতকাল সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে এক সমাবেশে বক্তারা বিদ্যুৎকেন্দ্রটির আগের নাম পুনর্বহাল করার দাবি জানান। তাঁরা বলেন, সাত দিনের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পরে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুফিদুল আলম ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ ঘটনাস্থলে গিয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।সমাবেশে বক্তব্য দেন দোহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল শুক্কুর, এলডিপির সভাপতি ইউছুফ সওদাগর, বিএনপির সভাপতি নুর মোহাম্মদ প্রমুখ।জানতে চাইলে ইউএনও মুফিদুল আলম বলেন, বিক্ষোভকারীদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।