দোহার ও নবাবগঞ্জে এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি
ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় গত এক মাসে তরল পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম ১৫০ থেকে ২০০ টাকা বৃদ্ধি পেয়েছে। সাড়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডার বিক্রি হচ্ছে এক হাজার ৭০০ থেকে এক হাজার ৭৫০ টাকায়।
প্রতি মাসে শুধু জ্বালানি খাতেই বিশাল অঙ্কের টাকা ব্যয় হওয়ায় বিপাকে পড়েছে দুই উপজেলার অন্তত ৩৫ হাজার পরিবার।
এলপি গ্যাসের সিলিন্ডার ব্যবসায়ী ও ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানী ঢাকা, ঢাকা জেলার সাভার, কেরানীগঞ্জ ও ধামরাই উপজেলায় এবং অনেক জেলায় গ্যাস-সংযোগ থাকলেও রাজধানী থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরত্বে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আজ পর্যন্ত গ্যাস-সংযোগ দেওয়া হয়নি। অথচ দোহার ও নবাবগঞ্জে আছে প্রায় এক লাখ ১০ হাজার পরিবার। এর মধ্যে অন্তত ৩৫ হাজার পরিবার রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করে। বাকিরা লাকড়ি বা কাঠের খড়ি জ্বালিয়ে রান্না করে।
নবাবগঞ্জের কাশিমপুর গ্রামের গৃহবধূ শিরিন আক্তার বলেন, তাঁদের চারজনের সংসার। সাড়ে ১২ কেজির একটি সিলিন্ডার কিনলে এক মাসও যায় না। তাই তিনি লাকড়ি জ্বালিয়ে দুপুরের রান্না সারেন। কোনো মাসে তাঁর দুই মণ লাকড়ি ও একটি গ্যাসের সিলিন্ডার লাগে। এতে তাঁর প্রায় দুই হাজার ৩০০ টাকা খরচ হয়।
শিরিনের মতো অবস্থা প্রায় সব পরিবারের। গ্যাসের সিলিন্ডার ও লাকড়ি কিনতে তাদের মাসে দুই থেকে তিন হাজার টাকা খরচ হয়। এ অবস্থায় নতুন করে এলপি গ্যাসের দাম বাড়ায় বিপাকে পড়েছে তারা।
এলপি গ্যাসের ডিলার ও ভোক্তারা জানান, জানুয়ারি মাসে সাড়ে ১২ কেজি ওজনের প্রতি সিলিন্ডার এলপি গ্যাসের দাম ছিল এক হাজার ৫৫০ থেকে এক হাজার ৬০০ টাকা। ওই সিলিন্ডার বর্তমানে এক হাজার ৭০০ থেকে এক হাজার ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বিমা কর্মকর্তা খালিদ হোসেন জানান, এক মাসের ব্যবধানে প্রতি সিলিন্ডার এলপি গ্যাসের দাম ২০০ টাকা বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে।
দাম বেশি রাখার কারণ জানতে চাইলে নবাবগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এলপি গ্যাসের ডিলার আনোয়ার হোসেন বলেন, ‘সরকারনির্ধারিত ৭০০ টাকায় সিলিন্ডার পাওয়ার কথা থাকলেও আমাদের এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ টাকায় কিনতে হয়। আমরা তা এক হাজার ৬০০ থেকে এক হাজার ৭০০ টাকায় বিক্রি করছি। অন্যদিকে চাহিদা অনুযায়ী সিলিন্ডারও পাই না। এ কারণে অতিরিক্ত দাম রাখতে হয়।’