ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ও নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নে পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক মহিবুল হক ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলী সুনীল বরণ দেব রায়। গতকাল সোমবার প্রথম আলোসহ কয়েকটি জাতীয় দৈনিকে পদ্মার এ ভাঙনকবলিত এলাকার মানুষের দুর্দশার সংবাদ প্রকাশ হলে তাঁরা এলাকাটি সফর করেন। জেলা প্রশাসক মহিবুল হক বলেন, ‘এখানে অবস্থা খুবই ভয়াবহ। এই বিপদ থেকে স্থানীয়দের রক্ষায় খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ তিনি ভাঙনে বসতভিটা হারানো পরিবারগুলোর তালিকা করতে স্থানীয় প্রশাসন ও ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন। এসব ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে তাদের মধ্যে জমি, টিন ও টাকা বরাদ্দ দিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি। এ ছাড়া জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত অরঙ্গাবাদ ও চারাখালী এলাকার ৭০টি দরিদ্র পরিবারের মধ্যে নগদ তিন হাজার টাকা ও ২০ কেজি করে চাল বিতরণ করেন।পাউবোর নির্বাহী প্রকৌশলী তারিক আল ফয়েজ বলেন, শুকনো মৌসুমে এখানে বাঁধ নির্মাণের জন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে। দোহার-নবাবগঞ্জ রক্ষা বাঁধ নির্মাণে প্রায় সাড়ে তিন শত কোটি টাকার প্রকল্প একনেকে পাসের অপেক্ষায় আছে। এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, পাউবোর কোনো কর্মকর্তা এখানে কালেভদ্রে এলেও কারও সঙ্গে কথা বলেন না। তাঁরা আসেন, দেখে চলে যান। অবস্থার কোনো পরিবর্তন হয় না।গতকাল প্রথম আলো পত্রিকায় ‘পদ্মার পাড়ের মানুষের কান্না আর হাহাকার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এর পরই পূর্বঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই সকাল ১১টায় জেলা প্রশাসক ও পাউবোর প্রধান প্রকৌশলী এলাকাটি সফর করেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী তারিক আল ফয়েজ, দুই উপজেলার ইউএনওসহ সরকারি কর্মকর্তারা।