দোহারে অর্ধশত বাড়ি নদীগর্ভে পানিবন্দী সহস্রাধিক মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাটাখালের দক্ষিণ পারের অর্ধশত বাড়ি পদ্মায় বিলীন হয়ে গেছে। পানিবন্দী রয়েছে সহস্রাধিক মানুষ। এ ছাড়া মাহমুদপুর-বিলাসপুর নারিশা বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। বাঁধটি ভেঙে গেলে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ দিনে পদ্মার স্রোত ও পানি বৃদ্ধি পেয়ে প্রায় অর্ধশত বাড়ি নদীগর্ভে চলে যায়। বন্যায় ইউনিয়নের ১০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ে। গত শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, পদ্মার ভাঙনে বাড়িঘর হারিয়ে মাহমুদপুর-হরিচণ্ডি রাস্তার ওপর ঠাঁই নিয়েছে ৫০টি পরিবার। আর মাহমুদপুর ইউনিয়নের ১০টি গ্রামের পানিবন্দী মানুষ আশ্রয় নিয়েছে বাড়িঘরের মাচার ওপর। পদ্মার পারের কাছাকাছি বসবাসকারী মানুষেরা রাতে ঘুমাতে পারে না ঘরবাড়ি নদীগর্ভে চলে যাওয়ার ভয়ে। মাচার ওপর আশ্রয় নেওয়া করিমন বেগম (৬০) বলেন, ‘বাবা, আমাগো দেকতে আইছো। আল্লা ছাড়া আমাগো দেহার কেউ নাই।’ এদিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় কয়েক শ লোক জড়ো হয়ে তাদের পুনর্বাসনের জন্য আকুতি জানায়। উপজেলা চেয়ারম্যান তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, জয়পাড়া কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগের নেতা গিয়াস উদ্দিন, প্রথম আলোর প্রতিনিধি আজহারুল হক প্রমুখ।