দোহারে আ.লীগের নির্বাচনী সভা পণ্ড, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলায় পুলিশি বাধায় আওয়ামী লীগের নির্বাচনী সভা পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা সদরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত নির্বাচনী সভায় মাইক ব্যবহারকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নেতা-কর্মীরা জানান, বিকেলে দলীয় কার্যালয়ে সামনে উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী সভা চলছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল মান্নান খানের বক্তব্য শুরু হলেই দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে সভাস্থলের মাইক বন্ধ করে দেন। এ সময় পুলিশের সঙ্গে আবদুল মান্নান খানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধলে পুলিশ সভাস্থল থেকে চলে যায়। পরে সেনাবাহিনীর একটি টহল দল সভাস্থলে পৌঁছালে নেতা-কর্মীরা সভাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি মোহামঞ্চদ আলমাছ উদ্দিন বলেন, প্রশাসনের পূর্ব অনুমতি নিয়ে সভার আয়োজন করা হয়। দলীয় প্রার্থী আবদুল মান্নান খানের বক্তব্যের সময়ে পুলিশ মাইকের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। নেতা-কর্মীরা বাধা দিলে পুলিশ তাঁদের ওপর লাঠিপেটা করে।
আবদুল মান্নান খান বলেন, পুলিশ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছ থেকে অবৈধভাবে লাভবান হওয়ার জন্য কুচক্রী মহলের প্ররোচনায় উত্সাহিত হয়েছে। নির্বাচনী বিধি মোতাবেক রাত আটটা পর্যন্ত মাইক চালানোর নিয়ম থাকলেও পুলিশ বিকেল পাঁচটায় মঞ্চে এসে মাইকের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
ওসি কামরুল ইসলাম মিঞা জানান, রিটার্নিং কর্মকর্তার নির্দেশে তাঁদের মাইক বন্ধ করতে অনুরোধ করা হয়। এ সময় তাঁরা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দোহার উপজেলার ইউএনও শামীমুল হক বলেন, নির্বাচনী আচরণবিধিমালায় সমাবেশ করার কোনো নিয়ম নেই। তাই তাঁদের বাধা দেওয়া হয়েছে।