দোহারে ঈদ-পূজার আনন্দবঞ্চিত পাঁচ শতাধিক পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীর ভাঙনে ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন কাটছে পাঁচ শতাধিক পরিবারের। তাদের মধ্যে নেই পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজার আনন্দ।
গতকাল রোববার সরেজমিনে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, সুতারপাড়া ইউনিয়নের মধুরচর, বিলাসপুর, চরবিলাসপুর, আলীনগর, মাহমুদপুর ও নয়াবাড়ী ইউনিয়নে গত তিন মাসে পাঁচ শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়েছে পদ্মায়। তাদের মধ্যে ঈদ ও পূজার কোনো আনন্দ নেই। বরং পরিবার নিয়ে খেয়ে-পরে কীভাবে বাঁচবে সেই চিন্তায় অস্থির।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অনেকে মধুরচর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছিল। কিন্তু সেই বিদ্যালয় ও মাঠ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাই উপজেলার বিভিন্ন স্থানে রাস্তায় খোলা আকাশের নিচে বসবাস করছে অনেক পরিবার।
‘মাইনসের মতো আমাগো টাকা-পয়সা নাই। পরের জমিতে টং পাইতা রইছি। যেকোনো সময় আমাগো চইলা যাইতে কইতে পারে।’ বলছিলেন মধুরচর গ্রামের জরিনা বেগম (৬৪)।
মধুরচরের একটি রাস্তায় আশ্রয় নেওয়া বিলকিছ (৩৫) বলেন, ‘গরিবের আবার ঈদ কিয়ের।’ একই গ্রামের আলী মোল্লা (৭০) বলেন, ‘একসময় আমাগো সবই আছিল। এহন কিছুই নাই।’
দোহার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, ‘দরিদ্রদের জন্য ভিজিএফের চাল বিতরণ করা হবে। ওই তালিকায় ভাঙনকবলিত পরিবারের নাম থাকবে।’