দোহারে এক বাড়িতে ডাকাতি, দুজনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার চর কুসুমহাটি গ্রামের এক বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা ও তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার রাত তিনটার দিকে ১৫-২০ জনের মুখোশ পরা একদল ডাকাত চর কুসুমহাটি গ্রামের সিদ্দিক ফকিরের বাড়িতে ঢুকে। ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ দুই লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে তারা সিদ্দিক (৬৫) ও তাঁর স্ত্রী রিনা বেগমকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে ডাকাতেরা চলে গেলে গৃহকর্তা ও তাঁর স্ত্রীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বশির উদ্দিন আহমেদ গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মামলার প্রস্তুতি চলছে।