দোহারে কলেজ জাতীয়করণের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয়করণের দাবিতে দোহার উপজেলার জয়পাড়া কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ l ছবি: প্রথম আলো
জাতীয়করণের দাবিতে দোহার উপজেলার জয়পাড়া কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ l ছবি: প্রথম আলো

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কলেজ জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলের একপর্যায়ে বিক্ষোভকারীরা ঢাকা-দোহার সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আল-আমিন এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে অবরোধ প্রত্যাহার করা হয়।

কর্মসূচি চলাকালে দোহার কলেজের সাবেক ছাত্র ও দোহার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাজীব শরীফ বলেন, ‘যে পর্যন্ত আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়করণ করা না হবে সে পর্যন্ত আমরা আন্দোলন, মিছিল ও সমাবেশ চালিয়ে যাব।’

কলেজের সাবেক ছাত্র ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘পদ্মা কলেজটিতে একটি ইউনিয়নের ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। অথচ আমাদের কলেজে পৌরসভাসহ আটটি ইউনিয়নের ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। আমাদের দাবি, অতিসত্বর জয়পাড়া কলেজকেও জাতীয়করণ করা হোক।’

জয়পাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপস কুমার নন্দী বলেন, ‘১৯৭২ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। এ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ২ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণি, বিএ (পাস) এবং পাঁচটি বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণির পাঠদান করা হচ্ছে। পদ্মা কলেজটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। আমার জানামতে, ওই শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ শিক্ষার্থীসংখ্যা হাজার খানেক। শিক্ষার্থী কম থাকা সত্ত্বেও কীভাবে এ প্রতিষ্ঠান জাতীয়করণ হচ্ছে—তা বোধগম্য নয়। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়করণ করার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দোহারের ইউএনওর কাছে হস্তান্তর করেছি।’

ইউএনও কে এম আল-আমিন প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে কলেজের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি আমার কাছে হস্তান্তর করা হয়েছে। স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।’