দোহারে গলা কেটে যুবককে হত্যা, প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার উত্তর জয়পাড়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গতকাল বুধবার বেলা ১১টায় এলাকাবাসী মিছিল ও সমাবেশ করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মাঠে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দোহার উপজেলার উত্তর জয়পাড়া গ্রামের পলাশ ও সজীবের মধ্যে ঝগড়া হয়। উপস্থিত লোকজন তখন বিষয়টি মীমাংসা করে দেন। রাত সাতটার দিকে পলাশ তাঁর বন্ধু মো. সুমনকে ফোন করে ডেকে আনেন। এরপর সজীবের লোকজন রাস্তায় সুমনকে ধরে এলোপাতাড়ি কোপায়। একপর্যায়ে তাঁকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে। এ সময় স্বজনেরা গুরুতর আহতাবস্থায় তাঁকে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেওয়ার পর রাত সাড়ে নয়টায় তিনি মারা যান। সুমনের ভাই শহিদুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা তাঁর ভাইকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গতকাল বুধবার বেলা ১১টায় থানা ফটকে এলাকাবাসী সুমন হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মিছিল করেন। ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী সজীবের চাচা দোহার পৌর কমিশনার মোহামঞ্চদ আলী ও চাচা সামসুদ্দীনের বাড়িসহ তিন বাড়িতে হামলা চালিয়ে দরজা ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে সজীব হোসেন ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে যান। দোহার থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।