দোহারে গৃহবধূকে হত্যার অভিযোগ, শাশুড়িসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলায় ননী আক্তার (২৪) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ওই গৃহবধূর শাশুড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। স্বামী পলাতক রয়েছেন। ননী আক্তারের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বিলাশপুর ইউনিয়নের মধুরচর গ্রামের বাসিন্দা মোহাম্মদ মাসুদের স্ত্রী ননীকে অচেতন অবস্থায় গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তাঁর শাশুড়ি পিয়ারা বেগম, ননদ হোসনে আরা ও মামাশ্বশুর সাম চৌধুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ননীকে মৃত ঘোষণা করলে তাঁরা পালানোর চেষ্টা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ হাসপাতালে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে। ননীর বাবা মালেক মোল্লা গতকাল শুক্রবার এ ঘটনায় হত্যা মামলা করেছেন। মামলায় তিনি অভিযোগ করেছেন, মাসুদ ও তাঁর পরিবারের লোকজন বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে ননীর ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিসও হয়েছে। তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ননীকে গলা টিপে হত্যা করে মাসুদ পালিয়ে যান। তবে পিয়ারা বেগমের দাবি, ননীকে হত্যা করা হয়নি। দাম্পত্য কলহের জের ধরে তিনি বিষ পান করেন। গতকাল সকালে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বশির আহমেদ বলেছেন, ময়নাতদন্তের পর ঘটনাটি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, ঘটনার পর থেকে মাসুদ পলাতক রয়েছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে।