দোহারে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে নাগরিকসংবর্ধনা
ঢাকার দোহারে গতকাল শনিবার গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানকে সংবর্ধনা দিয়েছে দোহার উপজেলা নাগরিক কমিটি। জাতিসংঘের ২৪তম গভর্নিং কাউন্সিলে ইউএন হ্যাবিট্যাটের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় গতকাল শনিবার বিকেলে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলার জয়পাড়া পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে বিকেল সাড়ে পাঁচটায় নাগরিক কমিটির আহ্বায়ক কে এম আবদুল মান্নানের সভাপতিত্বে এ সংবর্ধনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এ সময় তিনি বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধকে যাঁরা গন্ডগোল বলেন, তাঁরা এ দেশকে স্বীকার করতে চান না। আমি বলতে চাই, বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থানের পর বঙ্গবন্ধুর ডাকে দেশের স্বাধীনতাযুদ্ধে সব শ্রেণী-পেশার মানুষ ঝাঁপিয়ে পড়ে একটি ভূখণ্ড দিয়েছে।’
সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল মান্নান খান বলেন, ‘রাজনীতিবিদ, চিকিৎসক, আইনজীবী, শিক্ষক, ছাত্র, জনতা আজ আমাকে যে সংবর্ধনা দিয়েছেন, তাতে আমি আনন্দিত ও গর্বিত। আমার জন্য দোয়া করবেন, যেন জীবন দিয়ে হলেও দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যেতে পারি।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এ আর খান, সাংসদ আসাদুজ্জামান খান, নসরুল হামিদ, বেনজির আহম্মেদ, ফজলে করিম ও মমতাজ বেগম, রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক পনিরুজ্জামান, ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন, ক্রিকেট ধারাভাষ্যকার ও দোহার উপজেলা সমিতির সভাপতি শামীম আশরাফ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সুরুজ আলম। সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী মমতাজ।