দোহারে ছুরিকাঘাতে গৃহবধূ খুন, আহত ৩ গ্রেপ্তার ১
ঢাকার দোহার উপজেলার বড় বাস্তা গ্রামে গতকাল সোমবার বিকেলে এক গৃহবধূ খুন হয়েছেন। তাঁর নাম রাজিয়া বেগম। অভিযোগ রয়েছে, তাঁর মামা মো. সোহেলের ছুরিকাঘাতে রাজিয়া খুন হন।এ ছাড়া রাজিয়ার বাবা স্কুলশিক্ষক আ. সোবহান, মা মিরা বেগম ও ছোট বোন ফাতেমা আক্তার জখম হন। সোহেলকে রক্তমাখা চুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহেলের বাড়ি নবাবগঞ্জ উপজেলার বর্ধনপাড়া গ্রামে। সোহেলের এক বোন লন্ডনে থাকেন। তিনি মাঝেমধ্যে তাঁর বোন মিরা বেগমের কাছে টাকা পাঠান। সোহেল গতকাল তাঁর বোনজামাই সোবহানের বাড়িতে এসে বোনের পাঠানো টাকা চান। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তিনি সোবহানকে ছুরিকাঘাত করেন। এ সময় রাজিয়া, তাঁর ছোট বোন ফাতেমা ও মা মিরা এগিয়ে এলে সোহেল তাঁদেরও আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রাজিয়ার মৃত্যু হয়। প্রতিবেশীরা সোহেলকে আটক করে। আহত ব্যক্তিদের দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।আহত সোবহান স্থানীয় কার্তিকপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। রাজিয়া গতকাল বিকেলে লৌহজং উপজেলার হলুদিয়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে বাস্তা গ্রামে তাঁর বাবার বাড়িতে বেড়াতে আসেন। তাঁর রিফা নামের সাত মাসের একটি মেয়ে রয়েছে।দোহার থানার ওসি শেখ বশির উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে।