আমানতের টাকা ফেরত পেতে ম্যাক্সিম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ঢাকার দোহার শাখার গ্রাহকেরা মানববন্ধন করেছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে দোহার উপজেলা সদরের থানা মোড়ে ওই মানববন্ধনে অংশ নেন প্রায় ২০০ গ্রাহক। গ্রাহকেরা অভিযোগ করেন, ম্যাক্সিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, পরিচালক মো. কবির হোসেন, দোহার শাখার ব্যবস্থাপক আবদুর রাজ্জাক, কোষাধ্যক্ষ রোকেয়া আক্তার তাঁদের জমা করা টাকা নিয়ে গত ৩১ মার্চ কার্যালয়ে তালা ঝুলিয়ে পালিয়েছেন। মানববন্ধনে গ্রাহকেরা তাঁদের কষ্টার্জিত টাকা ফেরত চান। সেই সঙ্গে ম্যাক্সিম মাল্টিপারপাসের কর্মকর্তাদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।দোহার ও পাশের নবাবগঞ্জ উপজেলায় ম্যাক্সিম মাল্টিপারপাসের দুটি শাখায় প্রায় দেড় হাজার গ্রাহক রয়েছেন। গ্রাহকদের অভিযোগ, প্রতিষ্ঠানটি তাঁদের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা নিয়ে পালিয়েছে।